ত্বকের পাশাপাশি চুল ও মাথার ত্বকের জন্যও ভীষণ উপকারী অ্যালোভেরা। অ্যালোভেরার জেলে থাকা ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক এনজাইম মাথার ত্বকে পুষ্টি জোগায়। ফলে চুল পড়া কমানো থেকে শুরু করে খুশকি নিয়ন্ত্রণ সবেতেই কার্যকরী এটি। অত্যন্ত হালকা হওয়ায় প্রায় সব ধরনের চুলেই এই জেল ব্যবহার করা যায়।
তবে খেয়াল রাখা উচিত, সবার মাথার ত্বক এক রকম নয়। তাই প্রথমে অল্প করে ব্যবহার করে যাচাই করে নেওয়া ভালো। কোনওপ্রকার অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত।
চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহারের উপায়
১) গাছ থেকে টাটকা জেল বের করে সরাসরি মাথার ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। এতে শুষ্কতা কমে, চুলের গোড়া মজবুত হয় এবং খুশকি নিয়ন্ত্রণ সম্ভব। ২০-৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট। তবে অনেকের মাথার ত্বকেই সরাসরি জেল স্যুট করে না। সেক্ষেত্রে অন্য উপাদান মিশিয়ে জেল ব্যবহার করা ভালো।
২) অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প নারকেল তেল গরম করে মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করা যেতে পারে। এটি চুল ও মাথার ত্বকে পুষ্টি বৃদ্ধি করে। চুলকে কোমল করে ও ভাঙন কমায়।
৩) চুল পড়া কমাতে অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য পেঁয়াজের রস মিশিয়ে মালিশ করতে পারেন। এতে থাকা সালফার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালনও বৃদ্ধি করবে।
৪) মাথার ত্বকে এবং চুলের আর্দ্রতা বজায় রাখতে অল্প ক্যাস্টর অয়েলে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি চুল গজাতে সাহায্য করে।
৫) অ্যালোভেরা জেলের সাথে জল মিশিয়ে খানিক পাতলা করে নিয়ে শ্যাম্পু করার পর লিভ-ইন কন্ডিশনার হিসেবে চুলে ব্যবহার করতে পারেন। এর ফলে চুলে জট পড়া, উশকোখুশকো দেখানোর প্রবণতা কমবে।
