লঞ্চ হল টিভিএস অরবিটার ভি১; BaaS-এর সঙ্গে এখন উপলব্ধ ৪৯,৯৯৯ টাকা থেকে

দুই ও তিন চাকার যানবাহন ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংস্থাগুলির একটি— টিভিএস মোটর কোম্পানি (টিভিএসএম), আজ তাদের ইলেকট্রিক ভেহিকল পোর্টফোলিওকে আরও শক্তিশালী করে লঞ্চ করল টিভিএস অরবিটার ভি১। ১.৮ kWh ব্যাটারি-সহ এই মডেলটি সংস্থার ইভি লাইনআপে সবচেয়ে সহজলভ্য ইলেকট্রিক স্কুটার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর পাশাপাশি সংস্থাটি তাদের সমগ্র ইভি পোর্টফোলিও জুড়ে ব্যাটারি-অ্যাজ়-আ-সার্ভিস (BaaS) মডেলও চালু করেছে, যা গ্রাহকদের জন্য একটি নতুন ও আরও নমনীয় মালিকানার বিকল্প তুলে ধরছে।

টিভিএস অরবিটার ভি১-এর সংযোজন এবং ব্যাটারি-অ্যাজ়-আ-সার্ভিস (BaaS) চালুর মাধ্যমে টিভিএস মোটরের ইভি স্কুটার রেঞ্জ এখন শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে (এক্স-শোরুম, দিল্লি; পিএম ই-ড্রাইভ-সহ)। BaaS মডেলটি প্রাথমিক খরচ কমাতে সাহায্য করে, একই সঙ্গে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি ব্যাটারি নিশ্চয়তা ও নির্ভরতার আশ্বাস প্রদান করে। যেসব গ্রাহক টিভিএস অরবিটার ভি১-কে BaaS ছাড়াই কিনতে চান, তাঁরা সেটি ৮৪,৫০০ টাকায় (এক্স-শোরুম, দিল্লি; পিএম ই-ড্রাইভ-সহ) ক্রয় করতে পারবেন।

১.৮ kWh ব্যাটারি-চালিত টিভিএস অরবিটার ভি১ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শহুরে ব্যবহারকারীদের জন্য দৈনন্দিন ইলেকট্রিক যাতায়াত আরও সহজ ও ব্যবহারিক হয়ে ওঠে। এই লঞ্চের মাধ্যমে টিভিএস অরবিটার রেঞ্জ এখন দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ—ভি১ (১.৮ kWh ব্যাটারি) এবং ভি২ (৩.১ kWh ব্যাটারি)।

শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও ব্যবহারিক করে তুলতে তৈরি টিভিএস অরবিটার ভি১। এই স্কুটারটি একবার চার্জ দিলে ৮৬ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটে ০–৮০% পর্যন্ত চার্জ করা যায়—যা প্রতিদিনের চলাচলের প্রয়োজনের জন্য একে অত্যন্ত উপযোগী করে তোলে। টিভিএস অরবিটার ভি১-এ রয়েছে একাধিক আধুনিক ফিচার—যেমন কানেক্টেড মোবাইল অ্যাপ, ভাইজ়র-সহ ফ্রন্ট এলইডি হেডল্যাম্প এবং ইনকামিং কল ডিসপ্লে-সহ রঙিন এলসিডি ক্লাস্টার—যা ব্যবহারকারীর সুবিধা ও রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।