আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা, আবেগে ভাসল দুই শহর

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আত্মপরিচয় ও সংস্কৃতির মেরুদণ্ড এই বার্তাকেই সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবেগ ও শ্রদ্ধায় মুখর হয়ে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক প্রাঙ্গণে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠিত হয় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

 বক্তৃতায় উঠে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের ইতিহাস ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার।  অন্যদিকে, মালদায় সাংস্কৃতিক আবহে দিনটি পালিত হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। মালদা শিল্পী সংসদ-এর উদ্যোগে এলআইসি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা, যেখানে শিল্পী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শহর পরিক্রমা করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। দুই শহরের আলাদা আয়োজন হলেও লক্ষ্য একটাই ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও নতুন প্রজন্মকে একুশের চেতনা স্মরণ করিয়ে দেওয়া।