শিলিগুড়িতে বন‍্যপ্রাণ রক্ষায় দু’দিনের চিত্র প্রদর্শনী

বন‍্যপ্রাণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের বিশেষ চিত্র প্রদর্শনী। আগামী ১৪ ও ১৫ মার্চ দীনবন্ধু মঞ্চের রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে এই সারা বাংলা চিত্র প্রদর্শনীর আয়োজন করছে পরিবেশ সচেতন সংগঠন “অপটোপিক”। দীর্ঘদিন ধরে পরিবেশ ও বন‍্যপ্রাণ সংরক্ষণে কাজ করে চলেছে সংগঠনটি। চিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষকে বন‍্যপ্রাণ রক্ষা, সবুজ বাঁচানো এবং গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা করে বড় করে তোলার বিষয়ে সচেতন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী, সম্পাদক অচিন্ত্য গুপ্ত, সঞ্চয় আগরওয়ালসহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপজ্যোতি চক্রবর্তী জানান, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই প্রায় ২০০-র বেশি ছবি জমা পড়েছে এই প্রদর্শনীর জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট অভিনেতা Sabyasachi Chakrabarty-র। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের মেয়র Gautam Deb-এর হাত ধরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।