পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ৩৩টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন মেয়র জানান, পৌরনিগম এলাকায় মোট ১০০টি কাজ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৩৩টি কাজের সূচনা করা হয়েছে ও ইতিমধ্যেই ৮০টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বাকি কাজগুলিও পর্যায়ক্রমে শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে গৌতম দেব বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শহরের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধাই পৌরনিগমের মূল লক্ষ্য।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার ও পরিকাঠামোর উন্নয়ন আরও জোরদার হবে। ফলে নাগরিকদের দৈনন্দিন যাতায়াত ও জীবনযাত্রা আরও সহজ ও স্বচ্ছন্দ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
