উত্তরকন্যা অভিযানে উ*ত্তাল ফুলবাড়ি, পুলিশ ও বিক্ষো*ভকারীর মুখোমুখি সং*ঘর্ষ

উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা অভিযানের ডাক ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ফুলবাড়ি সংলগ্ন এলাকা। জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর।

অভিযোগ, জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এদিন উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছাতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি।

বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ প্রথমে মাইকিং করে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ভিড় ছত্রভঙ্গ হয়। যদিও দীর্ঘক্ষণ ধরে এলাকায় টানটান উত্তেজনা বজায় থাকে।

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। আহতের সংখ্যাও কম নয় – যদিও সরকারি ভাবে এখনও নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। প্রশাসনের তরফে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের হুঁশিয়ারি, “ন্যায়বিচার না মিললে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।”

নির্বাচনের প্রাক্কালে উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।