ভ্যালেন্টাইনস ডে মানেই লাল গোলাপের রমরমা বাজার। কিন্তু এবছর ছবিটা খানিকটা আলাদা। একদিকে গোলাপের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সবমিলিয়ে শিলিগুড়ির ফুল বাজারে উচ্ছ্বাসের সঙ্গে মিশেছে অনিশ্চয়তার সুর।
শহরের হাসমিচক সংলগ্ন ফুল বাজারে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় বিক্রি প্রত্যাশামতো নয়।
শিলিগুড়িতে গোলাপ আসে মূলত ব্যাঙ্গালোর, কলকাতা ও নদীয়া থেকে। তবে এ বছর আমদানি কম থাকায় পাইকারি বাজারেই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লাল ও হলুদ গোলাপের দাম খুচরো বাজারে প্রায় ৫০ টাকায় পৌঁছেছে।
ব্যবসায়ীদের কথায়, “ভ্যালেন্টাইনস ডে-তে লাল গোলাপের চাহিদা সবসময়ই বেশি থাকে। কিন্তু এবছর পরীক্ষার কারণে তরুণদের একটা বড় অংশ বাজারে আসতে পারছে না। তার প্রভাব পড়েছে বিক্রিতে।”
তবে দাম বাড়লেও ভালোবাসার টান থেমে নেই। অনেকেই সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য ফুল কিনতে ভিড় জমাচ্ছেন। কেউ একক গোলাপ, কেউ আবার ছোট তোড়া আবেগের প্রকাশ চলছে নিজের সামর্থ্য অনুযায়ী।
সুভাষপল্লী এক ফুল বিক্রেতা জানান, “চকলেট ডে থেকে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী থাকে। দোকানে স্থানীয় গোলাপ থেকে ব্যাঙ্গালোরের বিশেষ গোলাপ সবই রয়েছে। পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গোলাপ সহ বিভিন্ন উপহারের গুচ্ছও প্রস্তুত।”
সবমিলিয়ে, এবারের ভ্যালেন্টাইনসে শিলিগুড়ির ফুল বাজারে আবেগ ও অর্থনীতির টানাপোড়েন দু’য়েরই স্পষ্ট ছাপ।
