ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটর ভি তার প্রিপেইড গ্রাহকদের জন্য ভারতে প্রথম রিচার্জ-সংযুক্ত হ্যান্ডসেট চুরি ও ক্ষতির ক্ষেত্রে বিমা পরিষেবা চালু করার ঘোষণা করেছে। এই অনন্য অফারটির মাধ্যমে ভি এখন একমাত্র টেলিকম অপারেটর যারা প্রিপেইড প্যাকের সঙ্গে এই বিশেষ সুরক্ষা দিচ্ছে।ভি প্রিপেইড গ্রাহকরা মাত্র ৬১ টাকা থেকে শুরু হওয়া রিচার্জ প্যাকগুলির মাধ্যমে স্মার্টফোন চুরি বা সম্পূর্ণ হারিয়ে যাওয়ার জন্য ₹২৫,০০০ পর্যন্ত সুরক্ষা কভার দাবি করতে পারবেন। এই পরিষেবাটি আইওএস এবং অ্যানড্রয়েড উভয় ডিভাইসের জন্যই প্রযোজ্য। রিচার্জ প্যাকের সঙ্গে বিমা যুক্ত করায়, উচ্চ প্রিমিয়ামের পলিসির তুলনায় এটি গ্রাহকদের কাছে অনেক বেশি সাশ্রয়ী ও সুবিধাজনক হয়ে উঠবে।
৬১ টাকার রিচার্জে ২৫০০০ টাকা পর্যন্ত সুরক্ষা কভার দাবি করা যাবে। সেক্ষেত্রে ৩০ দিনের বৈধতা থাকবে। আর ২ জিবি পাওয়া যাবে ১৫ দিনের জন্য। ২০১ টাকার রিচার্জে ১৮০ দিনের জন্য বিমা কভার হবে ২৫০০০ টাকা পর্যন্ত, আর ৩০ দিনের জন্য ১০ জিবি ডেটা পাওয়া যাবে। আর ২৫১ টাকার রিচার্জে একই পরিমাণ বিমা কভার পাওয়া যাবে ৩৬৫ দিনের জন্য আর ৩০ দিনের জন্য ১০ জিবি ডেটা উপলব্ধ হবে।
এই উদ্যোগের মাধ্যমে ভি কেবল বাজারের একটি গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণ করছে না, বরং একটি সরল, ডিজিটাল-প্রথম দাবিপূরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের ঝামেলাহীন পরিষেবাও অফার করছে। এই অফারটি ভি-এর ‘হিরো আনলিমিটেড’ এবং ‘ভি ম্যাক্স’-এর মতো উদ্ভাবনী গ্রাহক পরিষেবায় আরও একটি বিশেষ সংযোজন।
