উত্তরবঙ্গে এখন আবহাওয়ার একেবারে দুই রকম ছবি দেখা যাচ্ছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। সন্দাকফু তে ভারী তুষারপাতের ফলে প্রায় ছ’ইঞ্চি পুরু বরফ জমেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই তুষারপাতের কারণে শতাধিক পর্যটক সান্দাকফু ও আশপাশের এলাকায় আটকে পড়েছেন। রাস্তাঘাট পুরো বরফে ঢেকে যাওয়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনার জন্য জোরকদমে কাজ চলছে।
গত কয়েক দিন ধরে -দার্জিলিং, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েক দিন চলবে। পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতও অব্যাহত থাকবে।
অন্যদিকে সিকিম-এর উত্তর ও পূর্ব অংশেও তুষারপাতের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। লাচেন-থাঙ্গু এবং গুরুদোংমার যাওয়ার রাস্তা আপাতত অচল।
আবহবিদদের মতে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। মার্চের শেষে এমন তুষারপাত অস্বাভাবিক হলেও, এর ফলে পাহাড় ও সমতল—দুই জায়গাতেই বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ মার্চ পর্যন্ত কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার -সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেও ২৪ মার্চ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে বলে জানা গেছে।
আবহাওয়া দফতরের মতে, রবিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে আপাতত পাহাড়ে তুষারপাত এবং সমতলে বৃষ্টি—দুই-ই চলবে।
পশ্চিমি ঝঞ্ঝায় বদল আবহাওয়া, উত্তরবঙ্গে তুষারপাত জারি
