বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের শিক্ষক নিয়োগে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাই কোর্টের একটি রায় ঘিরে কয়েক বছর ধরেই রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।
সেই মামলাই আবার ভোটের আগে নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এসএসসি ওয়েটিং লিস্ট প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক তুঙ্গে উঠেছে। ওই তালিকায় মামলাকারীরই নাম ‘দাগি’ হিসেবে উঠে আসায় প্রশ্ন, জল্পনা আর রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে।
২০২৫ সালের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে একদল চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। উদ্দেশ্য- নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে একজনও অযোগ্য বা দাগি প্রার্থী ঢুকতে না পারেন।
