ভারতের উদীয়মান কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড ওয়াবল আজ আরজি সেলুলারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত রিটেইল অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে পূর্ব ভারতে ব্র্যান্ডটির উপস্থিতি ৭৫ থেকে ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ধার্য করা হয়েছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কলকাতার ই-মলে অবস্থিত ‘ভেলোসিটি টেক মাল্টিভার্স’-এ ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘ওয়াবল ওয়ান’ লঞ্চ করা হয়।
ওয়াবল-এর এই সম্প্রসারণের উদ্দেশ্য একটি শক্তিশালী মেইনলাইন চ্যানেল নেটওয়ার্ক গড়ে তোলা। এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা এখন বিশ্বস্ত রিটেইল আউটলেটগুলোতেই ওয়াবল ওয়ান হাতের নাগালে পেয়ে যাবেন। এছাড়া, দেশজুড়ে ৩০০-এর বেশি শহরে এবং ১৮,০০০-এর বেশি পিনকোডে ওয়াবল এখন তাদের শক্তিশালী সার্ভিস পরিকাঠামো ও বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করবে।
এই স্মার্টফোনটিতে রয়েছে সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল ৪কে এইচডিআর ফ্রন্ট ক্যামেরা, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে তৈরি। এতে আরও রয়েছে ডলবি ভিশন এনাবেলড ডিসপ্লে। এর ৫০ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরার বৈশিষ্ট হলো এতে সনি লিটিয়া ৬০০ সেন্সর রয়েছে। ফোনটি তিনটি ভেরিয়েন্টে (৮+১২৮ জিবি, ৮+২৫৬ জিবি এবং ১২+২৫৬ জিবি) এবং তিনটি আকর্ষণীয় রঙে (মিথিক হোয়াইট, এক্লিপস ব্ল্যাক এবং নোভা ব্লু) পাওয়া যাবে। এর প্রারম্ভিক মূল্য ২৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।
ইন্ডকাল টেকনোলজিস-এর সিইও আনন্দ দুবে বলেন, “আরজি সেলুলারের শক্তিশালী নেটওয়ার্ক এবং ওয়াবল ওয়ান-এর অত্যাধুনিক প্রযুক্তি আমাদের এই অঞ্চলে দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করবে। কলকাতা থেকেই আমাদের এই জয়যাত্রার শুরু।”
