ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা, পুলিশের সাফল্য

শিলিগুড়ির মাটিগড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানা-র সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম ময়না খাতুন। সে মাটিগড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই বাড়িতে বসে মাদক কারবার চালাচ্ছিলেন ওই মহিলা।

শুক্রবার মাদক হাতবদলের পর বাড়ি ফেরার পথেই পুলিশের জালে ধরা পড়ে। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।