প্রাণী সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বালুরঘাটে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫-২৬।
বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ -এর উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় শহরে একটি সচেতনতা মূলক পথপরিক্রমা অনুষ্ঠিত হয়। প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে এই পদযাত্রায় অংশ নেন দপ্তরের আধিকারিক, পশু চিকিৎসক ও সাধারণ মানুষ।
এরপর আয়োজিত হয় একটি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় সহ প্রাণী কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
এদিন পথকুকুর ও পোষ্য প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাও প্রদান করা হয়। জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ-অধিকর্তা ডাঃ জয়দেব বেরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ যা প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। তাই নিয়মিত টিকাদান ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
দপ্তরের এই উদ্যোগ শুধু প্রাণীদের সুরক্ষা নয়, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সকলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কর্মসূচির আয়োজন করা হোক।
বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষ্যে এই কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলায় প্রাণী সুরক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়ে এক ইতিবাচক বার্তা বহন করে।
