মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে।

গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই মালদা থেকে ফেরিঘাট পার হয়ে সামশেরগঞ্জে এসেছিল ধৃত যুবক। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত বিকাশ মণ্ডলকে বুধবার জঙ্গীপুর আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।