আজ থেকেই অ্যাকাউন্টে ‘যুব সাথী’র ভাতা, ধর্নামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে তিনি জানান, আজ অর্থাৎ ৭ মার্চ থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
আগে ঠিক ছিল আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রাজ্যের যুবক-যুবতীদের জন্য এটি এক বিশেষ উপহার বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন, যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যাঁদের কোনও চাকরি বা নিয়মিত আয় নেই, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে।
তবে রাজ্য সরকারের অন্য কোনও ভাতা প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় আসবেন না। যদিও কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী বা অন্য কোনও শিক্ষামূলক স্কলারশিপ পেলে ‘যুব সাথী’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবকদের আর্থিকভাবে কিছুটা সহায়তা করা সম্ভব হবে।