শৌর্য যাত্রার সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

কার্গিল বিজয় দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার নয়াদিল্লীর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে ১৩ দিনের ‘শৌর্য বিজয় যাত্রা’-র সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ‘ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালুট’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ১,৯০০ কিলোমিটারের যাত্রায় অংশ নিয়েছেন ২৮ জন রাইডার। তাঁদের মধ্যে রয়েছেন কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী এবং কার্গিল যুদ্ধের শহিদদের পরিবারের সদস্যরা। জাওয়া ও ইয়েজদি মোটরসাইকেলে চেপে তাঁরা লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়ালের উদ্দেশে রওনা হন। ২৬শে জুলাই চণ্ডীমন্দির, রেজাং লা ও লেহ ওয়ার মেমোরিয়াল হয়ে এই যাত্রার সমাপ্তি হবে।
এই অভিযানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পবিত্র মাটি কার্গিলে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রজন্মের যুদ্ধবীরদের আত্মত্যাগের প্রতীক। যাত্রাপথে বীর নারীদেরও সংবর্ধনা জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন. এস. রাজা সুব্রহ্মণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, শীর্ষ সামরিক আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং এনসিসি ক্যাডেটরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের বিজয় নিশ্চিত করা বীর সেনাদের শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি পরমবীর চক্রপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, সুবেদার মেজর (সম্মানীয় ক্যাপ্টেন) যোগেন্দ্র সিং যাদব (অবসরপ্রাপ্ত) এবং সুবেদার মেজর (অবসরপ্রাপ্ত) সঞ্জয় কুমারের (অবসরপ্রাপ্ত) আত্মত্যাগের কথাও স্মরণ করেন।

উল্লেখ্য, ২০২১ সালে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস‘শৌর্য বিজয় যাত্রা’ শুরু করে, যার লক্ষ্য মোটরসাইকেলপ্রেমীদের দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বগাথার সঙ্গে যুক্ত করা। এ বছরের যাত্রায় ব্যবহার করা হচ্ছে জাওয়া350,42,42 এফজে, ইয়েজদি অ্যাডভেঞ্চার ও স্ক্র্যাম্বলার মোটরসাইকেল। ক্লাসিক লেজেন্ডস-এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সাহস, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানোই তাঁদের লক্ষ্য।