ডিজিটাল বিজ্ঞাপনেই সবচেয়ে বেশি অনিয়ম, এএসসিআই-এর রিপোর্টে শীর্ষে মেটা

ভারতে বিজ্ঞাপনের অনিয়ম ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মকেন্দ্রিক হয়ে উঠছে। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই)-র ২০২৬-২৭ অর্থবর্ষের অর্ধবার্ষিক অভিযোগ রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে চিহ্নিত বিজ্ঞাপনবিধি লঙ্ঘনের ৯৮ শতাংশই ঘটেছে ডিজিটাল মাধ্যমে। এর মধ্যে মেটার প্ল্যাটফর্ম রয়েছে ৭৩.৪ শতাংশ।
ছয় মাসে এএসসিআই মোট ৩,৯৫১টি অভিযোগের ভিত্তিতে ২,৩০৮টি বিজ্ঞাপন পর্যালোচনা করেছে। এর মধ্যে ৯৪ শতাংশ বিজ্ঞাপনে সংশোধনের প্রয়োজন হয়েছে। ৭২ শতাংশ বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং ৩০ শতাংশে ক্ষতিকর পণ্য বা অনিরাপদ পরিস্থিতির প্রচার লক্ষ্য করা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৮৫ শতাংশ অনিয়ম এএসসিআই-র নিজস্ব নজরদারির মাধ্যমে চিহ্নিত হয়েছে।
মেটা-র প্ল্যাটফর্মে ১,৫৬৩টি বিজ্ঞাপন এএসসিআই-র বিধি লঙ্ঘন করেছে। এর মধ্যে ৯০ শতাংশই ছিল অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপন। ৪১ শতাংশ বিজ্ঞাপন এমন পণ্যের প্রচার করেছে, যেগুলির বিজ্ঞাপন নিষিদ্ধ। বেআইনি বেটিং ও জুয়ার বিজ্ঞাপনও এই তালিকায় উল্লেখযোগ্য।
মোট ৬৩৩টি নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত বিজ্ঞাপনের ঘটনা সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৯০টি বেআইনি বেটিং ও জুয়া, ২৮টি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট, ৬টি মদ এবং ৪টি ন্যাশনাল মেডিক্যাল কমিশন সংক্রান্ত বিজ্ঞাপন। এছাড়া তেলেঙ্গানা আরইআরএ-র কাছে ৩৩৩টি রিয়েল এস্টেট বিজ্ঞাপন পাঠানো হয়েছে।
অন্যান্য ক্ষেত্রের মধ্যে পার্সোনাল কেয়ারে ৪৫৬টি, রিয়েল এস্টেটে ৩৬০টি, খাদ্য ও পানীয়তে ৩১২টি এবং ইলেকট্রনিক্সে ৯৫টি অনিয়ম ধরা পড়েছে। ইনফ্লুয়েন্সারদের ৬৫৯টি বিজ্ঞাপনের মধ্যে ৯৫ শতাংশ সংশোধনের প্রয়োজন হয়েছে।
এএসসিআই-র সিইও ও সেক্রেটারি জেনারেল মনীষা কাপুর জানান, ডিজিটাল বিজ্ঞাপনের দ্রুত প্রসারের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি ও জবাবদিহি আরও বাড়ানো জরুরি।
রিপোর্টে আরও জানানো হয়েছে, বিজ্ঞাপনদাতাদের স্বেচ্ছায় বিধি মেনে চলার হার ২০২৬ সালের এপ্রিল-সেপ্টেম্বরে ৮৬ শতাংশে পৌঁছেছে। আনুষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তির গড় সময় কমে ১৫ দিনে দাঁড়িয়েছে।