শিলিগুড়ির ডাব গ্রামের ভক্তিনগর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন দাবিকে সামনে রেখে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করল ডাবগ্রাম নর্থ লোকাল কমিটির উদ্যোগে ডি ওয়াই এফ আই (DYFI) এবং এ আই ডি ডাবলু এ (AIDWA)। আন্দোলনকারীরা দিল্লিতে চলা ছাত্র আন্দোলন এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম সামনে আসছে। “Education is a Right, Not a Scam” স্লোগান তুলে তাঁরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার, বিশেষ করে NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়।আন্দোলনরত নেতা বুলেট সিং অভিযোগ করেন, দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। সংসদ ভবন অভিমুখে মিছিলে পুলিশের হস্তক্ষেপ ও বলপ্রয়োগেরও তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়াও শিক্ষাজনিত চাপ, অনিশ্চয়তা ও বিভিন্ন সমস্যার কারণে বহু ছাত্র-ছাত্রীর আত্মহত্যার ঘটনা তুলে ধরে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়।এই প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলনকারীরা দাবি করেন, শিক্ষার অধিকার রক্ষা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সুরক্ষিত করতে কেন্দ্র সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
