যোগ্য হয়েও ভাতা মিলছে না, পুরনিগমের ‘উত্তরণ’ বিভাগে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমে (এসএমসি) তুমুল বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরনিগম চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকার নির্দেশিত সমস্ত শর্ত পূরণ করে নির্দিষ্ট নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁদের প্রাপ্য ভাতা মেলেনি।আবেদনের স্ট্যাটাস জানতে এসে অসন্তোষবিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের নিজেদের আবেদনপত্রের বর্তমান স্থিতি (স্ট্যাটাস) জানতে তাঁরা শুক্রবার পুরনিগমে গিয়েছিলেন। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি। উল্টে তাঁদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ মহিলারা পুরনিগমের ‘উত্তরণ, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ’ বিভাগে সরাসরি ঢুকে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের স্পষ্ট দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁরা দিনের পর দিন এই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, তার সঠিক ও স্পষ্ট জবাব পুর কর্তৃপক্ষকে দিতে হবে। অবিলম্বে বকেয়া সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।