বাজারদর নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সকলকেই। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে শনিবার মালদা শহরের মকদমপুর বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রয়মূল্য খতিয়ে দেখেন আধিকারিকরা। কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, তা জানতে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। আচমকা এই অভিযানে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

অন্যদিকে, প্রতিদিনের বাজার খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা। আয় সীমিত হলেও চাল, ডাল, তেল, সবজি-সহ প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ায় সংসারের বাজেটে চাপ বাড়ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাও অনেক পরিবারের কাছে কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই অভিযান কতটা কার্যকর হয় এবং বাজারদরে আদৌ নিয়ন্ত্রণ আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।