গরম তেল থেকে আ*গুন, মুহূর্তে পু*ড়ে ছাই হোটেল

দুর্গাপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় ল কলেজের সামনে একটি ছোট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় কিছুক্ষণের জন্য এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তির ওই হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকালে কচুরি ভাজার কাজ চলছিল। সেই সময় কড়াইয়ে থাকা গরম তেল থেকে আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন রান্নাঘর থেকে গোটা দোকানে ছড়িয়ে পড়ে।

হোটেলে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। ফলে প্রায় সম্পূর্ণ দোকানটি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের তৎপরতায় আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে হোটেলের রান্নার সরঞ্জাম, আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।