অ্যাকোয়া ফিডে বাড়ছে গোদরেজের বিনিয়োগ

ভারতে অন্যতম শীর্ষ মাছের খাদ্য উৎপাদক হয়ে ওঠতে অ্যাকোয়া ফিড ব্যবসায় আরও জোর দিচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। সংস্থার লক্ষ্য, এই ব্যবসায় দ্বি-অঙ্কের হারে বৃদ্ধি করা। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নতমানের ফিড তৈরিতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করবে সংস্থা। বিশেষ করে ফিড কনভার্সন রেশিও উন্নত করে মাছ চাষিদের উৎপাদন খরচ কমানো, ফলন ও লাভ বাড়ানোর দিকে নজর দেওয়া হবে।

গোদরেজ অ্যাগ্রোভেটের এমডি ও সিইও সুনীল কাটারিয়া জানান, অ্যাকোয়া ফিড ব্যবসা সংস্থার অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। একইসঙ্গে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক শক্তিশালী করতে সম্প্রতি দৃষ্টিকোণ অ্যাপের উন্নত সংস্করণ চালু করা হয়েছে।

অ্যানিম্যাল নিউট্রিশন বিজনেসের সিইও ক্যাপ্টেন এ.ওয়াই. রাজেন্দ্র বলেন, গুণমান, পরিষেবা ও গ্রাহকদের জন্য মূল্য তৈরির উপর ভিত্তি করেই এই ব্যবসার বৃদ্ধি ঘটানো হবে। সংস্থার লক্ষ্য, অ্যাকোয়া ফিডের সম্ভাবনাকে দায়িত্বশীল ও টেকসইভাবে কাজে লাগানো।