ট্রেনে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুনটুন সাহানি। তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা। রাতে শিলিগুড়ি জিআরপি এসওজি-এর কাছে খবর আসে, ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করেন জিআরপি আধিকারিকরা।
এরপর রানি কমলাপতি ডাউন এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছলে এসি কামরায় তল্লাশি চালানো হয়। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করেন পুলিশকর্মীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে দাবি। এরপর তাঁর সঙ্গে থাকা দুটি পিঠব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯টি প্যাকেটে থাকা ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা।
এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার উদ্দেশ্য ছিল তাঁর। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।
