হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জেলার বেশ কিছু এলাকা এখন জলমগ্ন।
বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় তিস্তার মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত নদী তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে খবর।
পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা নাগাদ গজলডোবা ব্যারেজ থেকে ১,৪১৮.২৯ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে ১,২৭৮ কিউসেক জল ছাড়া হয়েছে।
নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
