হাইব ইন্ডিয়ার ‘অডিশন: ফাইনাল কল’ এবং বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার সন্ধান

প্রাথমিক পর্যায়ে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর হাইব ইন্ডিয়া ভারতের তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে নিয়ে এলো ‘হাইব ইন্ডিয়া অডিশন: ফাইনাল কল’। এর আগে ভারতের ২৮টি রাজ্য, ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১১৬টি দেশের ১,৬৫০টিরও বেশি শহর থেকে এই অডিশনে আবেদন জমা পড়েছে। হাইব ইন্ডিয়ার সিইও ড্যামিয়েন উচাং লি বলেন যে, এই বিশাল পরিমাণে পাওয়া সাড়া প্রমাণ করে ভারতের প্রতিটি কোণায় অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে, তাদের গ্লোবাল মঞ্চে তুলে ধরতেই এই উদ্যোগ।

এবছর ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে অডিশনের আবেদন নেওয়া হবে এবং এতে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া নারী শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইন আবেদনের পাশাপাশি হাইব ইন্ডিয়া ভারতের আটটি নতুন শহরে—লখনউ, ডিমাপুর, কোহিমা, শিলং, জয়পুর, ইন্দোর, গোয়া এবং কোচিতে অন-গ্রাউন্ড অডিশন করবে। আবেদনকারীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং শর্টলিস্টেড প্রার্থীদের কাস্টিং পার্টনারদের পক্ষ থেকে অডিশনের স্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা হোয়াটসঅ্যাপে “HI” লিখে খুব সহজেই অডিশন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

এই অন-গ্রাউন্ড অডিশন পরিচালনার দায়িত্বে রয়েছে টেস জোসেফ কাস্টিং। অন্যদিকে, ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী অনলাইন কাস্টিং ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন পঞ্চমী ঘাভরি কাস্টিং এবং গ্লোবাল ক্যাম্পেইন পরিচালনা করছেন মিশেল চং। ভোকাল, র্যা প, নাচ, অভিনয় এবং মডেলিং—এই কয়টি ক্যাটাগরিতে প্রার্থীরা তাদের প্রতিভা দেখাতে পারবেন। এই পুরো অডিশন প্রক্রিয়ায় হাইব ইন্ডিয়াকে সহযোগিতা করছে কিয়া ইন্ডিয়া, নংশিম এবং প্রজেক্ট বি-এর মতো নামী কিছু ব্র্যান্ড। এই অংশীদারিত্ব তরুণ শিল্পীদের স্বপ্ন পূরণে এবং তাদের গ্লোবাল স্টেজে পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করবে।