সঙ্গীশিল্পীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ইমনের

শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী প্রাণায়াম, যোগাসন। শুধু সুস্থতাই নয়, একজন সঙ্গীতশিল্পীর কণ্ঠস্বরেরও উন্নতি ঘটাতে পারে যোগাভ্যাস। এই বিষয়টিই নতুনভাবে তুলে ধরলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

সম্প্রতি তাঁর গানের স্কুলে দেখা গেল এক অভিনব দৃশ্য। শুধুমাত্র সুর বা তাল শেখানো নয়, ছাত্রছাত্রীদের যোগাসনের প্রয়োজনীয়তাও বোঝাচ্ছেন তিনি। ইমনের কথায়, “শরীরের কোর মাসল দুর্বল হলে, তার সরাসরি প্রভাব পড়ে কণ্ঠস্বরের উপর। তাই পেটের ভিতরের পেশিগুলিকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।“

তিনি আরও জানান, প্রতিটি সঙ্গীতশিল্পীরই নিয়মিত যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন করা উচিত। তাঁর মতে, কণ্ঠস্বরের পাশাপাশি মানসিক একাগ্রতা বৃদ্ধিতেও এই অভ্যাসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমনের বিশ্বাস, সুস্থ শরীরই একজন শিল্পীর কণ্ঠকে দীর্ঘদিন সতেজ ও শক্তিশালী রাখতে পারে।