অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে।
সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর একশোটি মোবাইল উদ্ধার হয়।
এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। এরপর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।
