ডায়েটে রাখুন রাগি, রইল তিন রাজ্যের বিশেষ রান্না

রাগি খাওয়ার চল এখন ঘরে ঘরে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার।  বর্তমানে এটি ‘ডায়েট-ফুড’ হিসাবেই বেশি পরিচিত। রাগি দিয়ে বানানো যায় নানা স্বাদের খাবার। দেশ-বিদেশে রাগি দিয়ে তৈরি হয় নানা রান্না। রইল তেমনই কিছু স্বাস্থ্যকর রান্নার রেসিপি।  

কর্নাটকের রাগি মুদ্দে

কর্নাটকের গ্রামীণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী খাবার রাগি মুদ্দে। এটি বানাতে ২ কাপ ফুটন্ত জলে সামান্য নুন ও ১ চামচ ঘি মিশিয়ে তাতে ধীরে ধীরে ১ কাপ রাগির আটা ঢেলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে কম আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করুন। গরম অবস্থায় গোল বলের আকারে তৈরি করে চাটনি বা আচারের সঙ্গে পরিবেশন করুন।

তামিলনাড়ুর রাগির পকোড়া

১ কাপ রাগির আটা, ৩ চামচ চালের আটা, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা, কারিপাতা, আদাকুচি, সামান্য হিং ও নুন একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে শক্ত মিশ্রণ বানিয়ে নিন। এরপর গরম তেলে ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নিলেই তৈরি মুচমুচে ও সুস্বাদু এই পদ।

ওড়িশার মাড়ুয়া চাকুলি পিঠে

ওড়িশার একটি জনপ্রিয় পদ এটি। এই পদ তৈরি করতে ১ কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে বেটে তার সঙ্গে ১ কাপ রাগির আটা, নুন ও প্রয়োজনমতো জল মিশিয়ে ব্যাটার তৈরি করে ফেলুন। প্রায় এক ঘণ্টা রেখে দেওয়ার পর তাওয়ায় সামান্য তেল দিয়ে গোল করে ছড়িয়ে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন। আলুর তরকারি বা গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগবে নরম নরম এই চাকুলি পিঠে।