এসওএফ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে কলকাতার ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত সাফল্য

২০২৫–২৬ শিক্ষাবর্ষের সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের পরীক্ষায় বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জন করে কলকাতার ছাত্র-ছাত্রীরা শহরের নাম উজ্জ্বল করেছে। এই বছরের এসওএফ অলিম্পিয়াডে বিশ্বের ৭২টি দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে শুধু কলকাতা থেকেই অংশ নেয় ১ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী।

সেরা পারফরমারদের মধ্যে, ‘বি.ডি.এম. ইন্টারন্যাশনাল’ (সিবিএসই) স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সব্যসাচী লস্কর ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে এবং ‘জি.ডি. বিড়লা সেন্টার ফর এডুকেশন’ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী রাজনন্দিনী চ্যাটার্জী ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বজুড়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে। ‘দিল্লি পাবলিক স্কুল মেগাসিটি’র পঞ্চম শ্রেণির ছাত্রী সামারা সিনহা ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। তাদের ‘সার্টিফিকেট অফ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স’ দিয়ে সম্মানিত করা হবে।

নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ২৮তম এসওএফ ইন্টারন্যাশনাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই শিক্ষার্থীরা সগৌরবে অংশ নেয়। সেখানে ভারতের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শ্রী বিজয় বিষ্ণোই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের সম্মানিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনআইটি মণিপুরের প্রাক্তন চেয়ারম্যান ও ইসরোর বিশিষ্ট অধ্যাপক ওয়াই. এস. রাজন; ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিবিএসই সচিব শ্রী হিমাংশু গুপ্ত (আইএএস); এবং ম্যারেঙ্গো এশিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো অ্যান্ড স্পাইনের চেয়ারম্যান ড. প্রবীণ গুপ্ত প্রমুখ।

সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মহাবীর সিং বলেন, “আমি সকল কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”

সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা স্কুলপড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা ও মেধার বিকাশ ঘটাতে বিজ্ঞান, গণিত ও ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের ওপর অলিম্পিয়াড পরীক্ষা নেয়।