টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার নিত্যানন্দপুর, ভো*গান্তিতে স্থানীয়রা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে।

বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রশাসন যেন দ্রুত স্থায়ী জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলে। তাঁদের মতে, দ্রুত উদ্যোগ না নেওয়া হলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়বে।