নরওয়ে চেস ২০২৬-এর মঞ্চে আবারও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দাবা বিশ্ব। ঘরের মাঠে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তথা বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ক্লাসিক্যাল গেমে দ্বিতীয়বারের মতো হারিয়ে চমকে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কার্লসেনের ভুল চালের সুযোগ নিয়ে ম্যাচটি নিজের পকেটে পোরেন ২০ বছর বয়সী এই ভারতীয় তারকা। একই বছরে কার্লসেনকে দুবার ক্লাসিক্যাল গেমে হারানোর একক কৃতিত্ব এখন প্রজ্ঞানন্দের দখলে।
এই অবিশ্বাস্য জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছেন প্রজ্ঞানন্দ। তবে নিজের পারফরম্যান্স নিয়ে বিনয়ী এই তরুণ জানান, প্রতিপক্ষ ম্যাগনাস বলে আলাদা কিছু ভাবছেন না, টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিটি জয়ই সমান গুরুত্বপূর্ণ। কার্লসেনের আধিপত্য শেষ হয়ে যাওয়ার তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে, ভারতীয় শিবিরের জন্য প্রজ্ঞানন্দের এই জয় যতটা আনন্দের, ঠিক ততটাই হতাশাজনক ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের পারফরম্যান্স। অষ্টম রাউন্ডে ফ্রান্সের আলিরেজা ফিরোজা’র কাছে বড় হারের মুখোমুখি হতে হয় তাকে। মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা গুকেশের শিরোপা জয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। ২০২৪ সালে বিশ্ব খেতাব জেতার পর থেকে তার এই অফ-ফর্ম বেশ চিন্তায় রাখছে অনুরাগীদের। বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আমেরিকার ওয়েসলি সো এবং ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আলিরেজা।
অন্যদিকে, নারীদের বিভাগে কাজাখস্তানের বিবিসারা আসাউবায়েভা ভারতের দিব্যা দেশমুখকে হারিয়ে ১৫.৫ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আগামী নবম রাউন্ডে প্রজ্ঞানন্দ মুখোমুখি হবেন দেশীয় প্রতিদ্বন্দ্বী গুকেশের, যেখানে নিজের জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে এই তরুণ তুর্কির।
