তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়াকে কেন্দ্র করে উ*ত্তেজনা

জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর কলোনিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় লাগানো একাধিক নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কোথাও আবার ব্যানারের উপর পানের পিক ফেলা হয়েছে বলেও অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল সমর্থকরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা প্রফুল্ল রায় জানান, বিন্নাগুড়িতে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। কৃষ্ণনগর কলোনি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বিরোধীরা ভয় পেয়ে এই ধরনের নোংরা কাজ করছে বলে অভিযোগ করেন। পাশাপাশি, তাঁর দাবি এর জবাব মানুষ ভোটবাক্সে দেবে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।