ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থের উপর বাড়ছে চাপ। আইপিএলে পর পর দুই মরসুমে ব্যর্থ অধিনায়ক পন্থ। ফলে চাপের মুখে তিনি। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে তাঁকে আর নাও দেখা যেতে পারে। ভারতের টেস্ট দলেও তাঁর সহ-অধিনায়ক পদ ঝুঁকির মুখে।
আইপিএলে ২৭ কোটি টাকায় পন্থকে অধিনায়ক করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু দুই মরসুমে দলকে প্লে-অফে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় তাঁর অধিনায়কত্ব এখন প্রশ্নের মুখে। ব্যাট হাতেও পূর্ণ স্বরূপে খেলতে পারছেন না পন্থ।
পন্থকে নিয়ে অন্য ভাবনা রয়েছে ভারতীয় দলেরও। অধিনায়ক হওয়ার জন্য হয়তো পুরনো ফর্মে খেলতে পারছেন না পন্থ। এমনটাই মনে করছেন বোর্ড কর্তারা। তাই ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকেও সরতে হতে পারে পন্থকে।
নির্বাচকরা কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার গুয়াহাটিতে বোর্ডের বৈঠকে হতে পারে। সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলও নির্বাচিত হবে। বোর্ডের লক্ষ্য, পন্থকে চাপমুক্ত রেখে খেলানোর সুযোগ করে দেওয়া।
