মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল দেশের মুখ্য নির্বাচনী কমিশন। ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সব রাজ্যের ভোটগণনা একসঙ্গেই হবে ৪ মে।
এবারের নির্বাচনে গতবারের তুলনায় পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানো হয়েছে, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট নির্ধারিত হয়েছে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
কমিশনের মতে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি মাথায় রেখেই এই সূচি তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই দুই দফাতেই ভোটগ্রহণ শেষ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে, সেদিনই স্পষ্ট হবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক সমীকরণ। বাংলা ছাড়াও ২০২৬ সালের নির্বাচনী লড়াই হবে আরও চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে।
