ধমকানো, ভয় দেখানো, হুমকি দিয়ে টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার গেটবাজার এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সূর্যসেন কলোনির বাসিন্দা পাপ্পু রায়, রাজা হোলির এমডি সাদ্দাম এবং অম্বিকানগরের অভিষেক হরিজন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজনের মধ্যে অভিষেক হরিজনই ছিল দলের মূল পান্ডা এবং তার নেতৃত্বেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত। অভিযোগ অনুযায়ী, লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে নানাভাবে ভয় দেখানো ও হুমকি দিয়ে টাকা দাবি করছিল ওই তিন অভিযুক্ত।
এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গেটবাজার এলাকায় অভিযান চালিয়ে সাদা পোশাকের পুলিশ তিনজনকে পাকড়াও করে। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
