পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো, ঐতিহ্য মেনে আজও বলির প্রথা

পুরোনো প্রথা ও ঐতিহ্য মেনেই মা মনসার পুজো-অর্চনায় মাতলেন সূর্যসেন কলোনির ‘মনসা বাড়ি’র সদস্যরা। স্বপ্নে পাওয়া বাবা মিন্টু চৌধুরীর হাত ধরে ১৯৫২ সালে শুরু হয়েছিল এই পুজো। সেই পুজো আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছেন সূর্যসেন কলোনি এ-ব্লকের বাসিন্দা তথা মিন্টু চৌধুরীর ছেলে খোকন চৌধুরী। দীর্ঘদিনের প্রথা মেনে এই বাড়িতে আজও বলির আয়োজন করা হয়।

তবে আয়োজকদের দাবি, সম্পূর্ণরূপে মা মনসার উদ্দেশ্যেই এই বলি দেওয়া হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। মঙ্গলবার মা মনসার পুজোকে ঘিরে সূর্যসেন কলোনিতে ছিল সাজো সাজো রব। এলাকার বিভিন্ন বাড়িতেও মনসা পুজোর আয়োজন হওয়ায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভক্তদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ।

পুজোর আয়োজক খোকন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্য ও প্রথা মেনেই প্রতিবছর মা মনসার পুজোর আয়োজন করা হয়। পুজো শেষে উপস্থিত ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়।