চিনির কালোবাজারি রুখতে বসিরহাটে প্রশাসনের অভিযান

দেশজুড়ে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে বসিরহাটে অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার মাটিয়া থানার পুলিশ ও কৃষি দপ্তরের আধিকারিকেরা যৌথভাবে বসিরহাট-২ ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর বাজারে অভিযান চালান।

মাটিয়া থানার আইসি দীনেশ চন্দ্র পালের নেতৃত্বে প্রথমে একটি চিনির গুদামে তল্লাশি চালানো হয়। সেখানে মজুত চিনির পরিমাণ, বৈধ নথিপত্র ও ব্যবসায়িক লাইসেন্স খতিয়ে দেখেন আধিকারিকেরা। গুদামের নথিতে উল্লেখ করা মজুতের সঙ্গে বাস্তব মজুতেরও মিল পরীক্ষা করা হয়। এরপর একটি বেসরকারি অয়েল মিলের গোডাউনেও অভিযান চালানো হয়। সেখানে মজুতের পরিমাণ, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি গোডাউন কর্তৃপক্ষের কাছ থেকে মজুতসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আধিকারিকেরা।

চিনির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত মজুত বা কালোবাজারি ঠেকাতেই এই অভিযান। আগামী দিনেও এ ধরনের নজরদারি ও অভিযান জারি থাকবে বলে প্রশাসন সূত্রে খবর।