দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটছে ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতে । ভি বিজনেস এমএসএমই ইনসাইটস স্টাডি ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), সাইবার নিরাপত্তা এবং আধুনিক কর্মক্ষেত্রের প্রযুক্তি এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ এমএসএমই ব্যবসা সম্প্রসারণে এ আই-কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এবং ২৫ শতাংশ ইতিমধ্যেই এ আই ব্যবহার শুরু করেছে। ভি বিজনেস-এর রেডি ফর নেক্সট প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬টি ক্ষেত্রের ২.৫ লক্ষেরও বেশি এমএসএমই-র তথ্যের ভিত্তিতে তৈরি এই সমীক্ষায় দেখা গেছে, ভারতের ডিজিটাল ম্যাচিউরিটি ইনডেক্স (ডিএমআই) ২০২৫ সালের ৫৮.০ থেকে বেড়ে ২০২৬ সালে ৬০.৮-এ পৌঁছেছে। প্রায় ৪৬.৩ শতাংশ এমএসএমই সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মহিলা-নেতৃত্বাধীন সংস্থাগুলির ডিএমআই (৬১.৬) পুরুষ-নেতৃত্বাধীন সংস্থাগুলির তুলনায় বেশি। পাশাপাশি, আর্থিক প্রস্তুতি-কে প্রথমবার চতুর্থ মূল্যায়ন সূচক হিসেবে যুক্ত করা হয়েছে। খাতভিত্তিকভাবে আর্থিক পরিষেবা ডিজিটাল পরিপক্বতায় শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে আইটি এবং আইটিইএস, পরিবহন শক্তি ও ইউটিলিটি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। রাজ্যগুলির মধ্যে তেলঙ্গানা ও কর্নাটক প্রথম দুই স্থানে রয়েছে, আর অন্ধ্রপ্রদেশ প্রথমবার শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। ডিজিটাল ওয়ার্কপ্লেস ও সবচেয়ে দ্রুত বিকাশমান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে।
ভোডাফোন আইডিয়া লিমিটেড -এর চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার এম. পি. সুনীল কুমার বলেন, এ আই, ক্লাউড প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তায় বিনিয়োগ ভারতীয় এমএসএমই-গুলিকে আরও বুদ্ধিমান, নিরাপদ এবং ভবিষ্যৎ-প্রস্তুত করে তুলছে। সমীক্ষাটি উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র শিলিগুড়ির জন্যও তাৎপর্যপূর্ণ। খুচরো ব্যবসা, পর্যটন, লজিস্টিক্স ও পরিষেবা খাতে এ আই, ডিজিটাল পেমেন্ট, ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম এবং সাইবার নিরাপত্তার ব্যবহার বাড়লে ব্যবসার দক্ষতা ও গ্রাহক পরিষেবা আরও উন্নত হবে। একই সঙ্গে প্রযুক্তি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পরিষেবা প্রদানকারীদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে।
