অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি যোগ্য মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পাঠানো হল। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থ কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো উচিত এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী কয়েক মাস চলবে। ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি বা নতুন করে যোগ্য হয়েছেন, তাঁরাও ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ও ১২ পাতার আবেদনপত্র নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল। তাঁর দাবি, বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই আবেদনপত্র তৈরি করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে আবেদনকারীদের অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও সুবিধা হবে এবং বারবার পৃথক ফর্ম পূরণ করতে হবে না।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল, সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব মৌমিতা গোদারিয়া-সহ একাধিক সরকারি আধিকারিক। আবেদন যাচাই ও বাছাইয়ের কাজে তাঁদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনের দীর্ঘ পরিশ্রমের ফলেই নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।
১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা?
