নেতাজিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিংয়ে পদযাত্রায় অতীন

নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা অতীন হালদার। হইচই বা রাজনৈতিক স্লোগানের বদলে নীরব পদযাত্রার মাধ্যমে নিজের প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

গত ২৪ আগস্ট গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে পদযাত্রা শুরু করেছেন অতীনবাবু। তাঁর চূড়ান্ত গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল। দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে নেতাজী ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

অতীন হালদারের কথায়, “নেতাজী সুভাষচন্দ্র বসু সমগ্র বাঙালির গর্ব ও আবেগ। দেশ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানকে ভুলে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি জানান, কারও বিরুদ্ধে রাজনৈতিকভাবে সরব হওয়া তাঁর উদ্দেশ্য নয়। বরং নীরব পদযাত্রার মাধ্যমে নেতাজীর প্রতি শ্রদ্ধা এবং তাঁর অবমাননার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করতেই এই উদ্যোগ।

পথ চলতে চলতে সাধারণ মানুষ ও তরুণদের সঙ্গে স্বাধীনতার ইতিহাস এবং দেশের বীর বিপ্লবীদের অবদান নিয়েও আলোচনা করছেন তিনি। নেতাজীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অতীনবাবু। তাঁর দাবি, নেতাজীকে অবমাননা করার অভিযোগে জড়িত ব্যক্তিদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

গঙ্গাসাগর থেকে দার্জিলিং পর্যন্ত তাঁর এই দীর্ঘ পদযাত্রা ইতিমধ্যেই স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। নেতাজীর প্রতি শ্রদ্ধা এবং তাঁর ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অতীন হালদার।