রাজ্যে চালু আয়ুষ্মান ভারত

চলতি বছরের জুলাই থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সাম্প্রতিক বৈঠক ও প্রস্তাবিত সমঝোতার পর স্বাস্থ্য খাতে একাধিক নতুন উদ্যোগ ও অর্থনৈতিক সহায়তার ইঙ্গিত মিলেছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পর জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) খাতে পশ্চিমবঙ্গ প্রায় ২,১০০ কোটি টাকার মতো অনুদান পেতে পারে। এর একটি অংশ ইতিমধ্যেই রাজ্য এসে পৌঁছেছে। বাকি অর্থ ধাপে ধাপে ছাড় করা হতে পারে। তবে তার জন্য নির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া ও ব্যয়ের হিসাব জমা দেওয়ার শর্ত রয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচি যেমন মা ও শিশু স্বাস্থ্য, টিকাকরণ এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এই সব ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে কাজ এগোতে পারে।

রাজ্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরুর প্রস্তুতিও চলছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কিশোরীদের টিকাকরণে কেন্দ্রীয় সহায়তা পাওয়া যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন জেলা ও হাসপাতাল পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য পরিকাঠামোর মানবসম্পদ ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনিক মহল। সরকারি তথ্য অনুযায়ী, অনুমোদিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের হার জাতীয় গড়ের তুলনায় কম। এই ঘাটতি পূরণে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।