বার্জারের নির্মাণ ব্যবসায় ১,৫০০ কোটির মাইলফলক

২০২৫-২৬ অর্থবর্ষে জলরোধী পণ্য-সহ নির্মাণ রাসায়নিক ব্যবসায় ১,৫০০ কোটির ব্যবসা করেছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। পেইন্ট ও কোটিংসের পাশাপাশি এই ব্যবসাতেও জোর দিচ্ছে সংস্থা। গত ৭-৮ বছরে এই ব্যবসা তৈরি করেছে বার্জার। গত তিন বছরে ব্যবসাটি বছরে ২৫ শতাংশের বেশি হারে বেড়েছে। যেখানে জলরোধী পণ্যের বাজারের বৃদ্ধির হার প্রায় ৮-১০ শতাংশ।

বার্জারের নির্মাণ সামগ্রীর মধ্যে রয়েছে জলরোধী পণ্য, মেরামতির সামগ্রী এবং টাইলস সংক্রান্ত পণ্য। ‘হোম শিল্ড’ রেঞ্জ সংস্থার জলরোধী পণ্যের অন্যতম প্রধান ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে ওয়াটারপ্রুফ পুট্টি এবং রুফ কুল অ্যান্ড সিল। পশ্চিমবঙ্গ বার্জারের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। কলকাতা-সহ পূর্ব ভারতে ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি নতুন এলাকাতেও ব্যবসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।

এবিষয়ে বার্জার পেইন্টসের এমডি ও সিইও অভিজিৎ রায় জানান, দায়িত্বশীলভাবে ব্যবসা বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে পৌঁছনো এবং নির্মাণকর্মী ও সাধারণ ক্রেতাদের জন্য আরও ভালো পণ্য তৈরি করাই সংস্থার লক্ষ্য।