ডিমেনশিয়া দ্রুত শনাক্তকরণ এবং রোগী ও তাঁদের পরিচর্যাকারীদের সহায়তার জন্য ‘ভাজুদ রহে মজুদ’’ নামে জনসচেতনতা অভিযান শুরু করল টাটা ট্রাস্টস। বিশ্ব আলঝাইমার মাস উপলক্ষে শুরু হওয়া এই প্রচারে ভারতে বাড়তে থাকা ডিমেনশিয়ার সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
বর্তমানে প্রায় ৮৮ লক্ষ প্রবীণ ভারতীয় ডিমেনশিয়ায় আক্রান্ত। গবেষণা অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই রোগটি ধরা পড়ে না। ২০৩৬ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ হতে পারে বলে ২০২৩ সালের AIIMS-USC-এর গবেষণায় অনুমান করা হয়েছে।
প্রচারের মাধ্যমে বলা হয়েছে, স্মৃতিশক্তি, আচরণ বা দৈনন্দিন কাজকর্মে পরিবর্তনকে শুধু বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। টাটা ট্রাস্টসের সিইও সিদ্ধার্থ শর্মা জানান, আগামী দিনে ডিমেনশিয়া একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হয়ে উঠবে। তাই রোগীদের জন্য উন্নত পরিচর্যা ব্যবস্থা ও প্রশিক্ষিত পরিচর্যাকারী তৈরি করা জরুরি।
কলকাতায় প্রবীণ মানুষের সংখ্যা বাড়ায় ডিমেনশিয়া-সহ দীর্ঘমেয়াদি পরিচর্যার চাহিদাও বাড়ছে। ফলে বিশেষায়িত ডিমেনশিয়া পরিচর্যার পরিকাঠামো এবং দক্ষ নার্সের প্রয়োজনীয়তা আরও বাড়ছে।
