বন্ধ হওয়া প্রকল্প চালু হতে পারে এবার

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। এবার সব কিছু বদলের পালা, প্রায় চার বছর ধরে বাংলায় বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প।

দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় আইনের ২৭ নম্বর ধারা জারি হওয়ার পর থেকেই আটকে যায় টাকা ও কাজ, দুটোই। এর মধ্যে কেন্দ্র প্রকল্পের নাম বদলে ১২৫ দিনের কাজের ঘোষণা করলেও প্রশ্ন উঠছিল, বাংলার মানুষ আদৌ সেই সুবিধা পাবেন কি না। এবার সেই জট কাটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নিয়েই কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানোর সিদ্ধান্ত নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

বর্তমানে মনরেগার নাম বদলে হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজিভিকা মিশন’। সংক্ষেপে যার নাম রাখা হয়েছে ‘জি রাম জি’। আগামী ১ জুলাই থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। পাশাপাশি দৈনিক মজুরিও ১৩ টাকা বাড়ানো হয়েছে।