চতুর্থ সিজনের প্রথম গান ‘অ্যায় আজনবী’-র ব্যাপক সাফল্যের পর, কোক স্টুডিও ভারত নিয়ে এলো তাদের দ্বিতীয় নিবেদন—‘বুল্লেয়া ভে’। কালজয়ী সুফি কবি বুলে শাহ এবং তার মুরশিদ শাহ ইনায়েতের আধ্যাত্মিক সম্পর্ক থেকে অনুপ্রেরণা নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। যা অহংকার ত্যাগ করে সমর্পণের এক গভীর গল্প বলে। ‘বুল্লেয়া ভে’ মূলত মানুষের আত্মিক রূপান্তরের কথা বলে। নিজের গুরুর প্রতি অটল ভক্তি থাকা সত্ত্বেও বুলে শাহের মনে একবার অহংকারের জন্ম হয়, যা তাদের সম্পর্কে ফাটল ধরায়। সেই বিচ্ছেদ এবং অনুশোচনা শেষে কীভাবে তিনি নিজেকে বিলীন করে দিয়ে পুনরায় সংযোগ খুঁজে পান, সেই আবেগই এই গানে ধরা হয়েছে।
এই গানে এক অনন্য মেলবন্ধন দেখা গিয়েছে। জলন্ধরের মিল শ্রমিক অশোক মাসকিন-এর কাঁচা ও শক্তিশালী কণ্ঠ গানটিতে এক অকৃত্রিম সততা যোগ করেছে। সঙ্গে রয়েছেন মধুর শর্মা, যাঁর কণ্ঠের গভীরতা বিচ্ছেদের যন্ত্রণাকে মূর্ত করেছে এবং স্বরিত শুক্লা, যিনি গানটির মিউজিক প্রোডাকশন করেছেন, তিনি গানটির সরলতা বজায় রেখেছেন।
কোকা-কোলা ইন্ডিয়ার আইএমএক্স লিড শান্তনু গাঙ্গানে বলেন, “বুল্লেয়া ভে কেবল একটি গান নয়, এটি নিজের ভেতরের যুদ্ধের গল্প। আমরা চেয়েছি বুলে শাহের শতাব্দী প্রাচীন দর্শনকে আজকের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে।” ইউনিভার্সাল মিউজিক গ্রুপের নভনীত সোধি জানান, উদীয়মান প্রতিভাদের সঙ্গে সুফি দর্শনের এই সমন্বয় ভারতীয় সংগীতে নতুন মাত্রা যোগ করবে।
