শালিমারে ‘কলকাতা ওয়েস্টশোর’, বদলাবে রিভারফ্রন্ট

পূর্ব ভারতের নগর উন্নয়নে নতুন দিগন্তের লক্ষ্য নিয়ে হাওড়ার শালিমার ফোরশোরে ৩৮ একরজুড়ে ফ্ল্যাগশিপ মিক্সড-ইউজ প্রকল্প ‘কলকাতা ওয়েস্টশোর’ ঘোষণা করেছে ইডেন রিয়েলটি। প্রকল্পকে ঘিরে সংলগ্ন সবুজ, প্রাতিষ্ঠানিক, পোর্ট ও রেলওয়ের প্রায় ৭০০ একরজুড়ে মেগা রিভারফ্রন্ট উন্নয়নের পরিকল্পনা রয়েছে। মূল ৩৮ একরের প্রকল্পে থাকবে বিলাসবহুল আবাসন, রিটেল কেন্দ্র, ফাইভ-স্টার হোটেল এবং সাধারণ মানুষের জন্য আধুনিক পাবলিক প্রমোনাড। তবে এর সাথে সংলগ্ন রিভারফ্রন্ট অঞ্চলে রয়েছে বোটানিক্যাল গার্ডেন (২৭০ একর), IIEST শিবপুর (১৫০ একর), কলকাতা পোর্ট ট্রাস্ট (১২৫+ একর) এবং ভারতীয় রেলওয়ে (২০০+ একর)।

একসময় রেল ইয়ার্ড, ড্রাইডক ও ভারী শিল্পের জন্য পরিচিত শালিমার এখন কলকাতার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের আধুনিক সম্প্রসারণ হিসেবে গড়ে উঠছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো, উন্নত ফেরি পরিষেবা, প্রস্তাবিত ওয়াটার মেট্রো এবং বিদ্যাসাগর সেতুর পাশাপাশি প্রস্তাবিত ৭.২ কিমি উড়ালপুল/কোনা এক্সপ্রেসওয়ে করিডোর এই অঞ্চলের যোগাযোগ আরও উন্নত করবে। শালিমার ঘাটে প্রস্তাবিত ওয়াটার মেট্রোর প্রধান টার্মিনাল থাকবে। প্রকল্পে থাকছে ৯ একরে ‘ইডেন দেবপ্রয়াগ’, যেখানে ২৮ তলা পর্যন্ত বিলাসবহুল টাওয়ার, ২৭০-ডিগ্রি নদীর দৃশ্য ও বেনারস স্টাইল ঘাট থাকবে। পাশাপাশি ৯ একরে তৈরি হবে টেকসই আবাসিক প্রকল্প ‘সোলারিস শালিমার’। ভবিষ্যতে ১৪ একরে রিটেল ওয়াকওয়ে, শিক্ষা ও লাইফস্টাইল সুবিধা এবং ৬ একরে ১০০ ঘরের ফাইভ-স্টার হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ইডেন রিয়েলটির চেয়ারম্যান সচ্চিদানন্দ রায় বলেন, কলকাতার পরবর্তী স্বাভাবিক সম্প্রসারণ হুগলি নদীর পশ্চিম পাড়ে। আর ম্যানেজিং ডিরেক্টর আর্য সামন্তের মতে, প্রায় ৭০০ একরের এই অঞ্চল কলকাতা ও পূর্ব ভারতের নগর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে।