মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। ভোট ঠিকমতো হচ্ছে কি না, প্রশাসনের প্রস্তুতি কতটা, সব কিছু নিজের চোখে দেখতে চাইছে কমিশন।
প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৩ এপ্রিল, যেখানে উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ একাধিক আধিকারিক। বাংলায় পৌঁছেই প্রথমে দুর্গাপুরে যাবেন তাঁরা। সেখানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। ভোটের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।
