মামলার শুনানি নিয়ে চলছে জল্পনা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে হঠাৎই বড় জটিলতা তৈরি করেছে SIR বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বিতর্ক।

লক্ষ লক্ষ নাম বাদ পড়া, ট্রাইব্যুনালে মামলা, আর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়েই কি ভোট হবে, নাকি পিছিয়ে যেতে পারে পুরো প্রক্রিয়া? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সাপ্লিমেন্টারি তালিকা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

বিচার বিভাগীয় আধিকারিকরা সংশোধিত ভোটার তালিকা জমা দেবেন। অথচ ভোটের দিন ঠিক হয়ে গেছে ২৩ ও ২৯ এপ্রিল। কিন্তু এখনও পর্যন্ত এই জট পুরোপুরি কাটেনি। এই সমস্যার সূত্রপাত মূলত ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়াকে ঘিরে। জানা যাচ্ছে, চূড়ান্ত তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তার মধ্যে প্রায় ৩৩ লক্ষ নাম ফের যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও, এখনও প্রায় ২৭ লক্ষ ভোটার তালিকার বাইরে থেকে যেতে পারেন।