এখন অনেকেই শপিং মলে গিয়ে কাঁচা আনাজ বা প্যাকেটজাত খাবার কেনেন। এতে দরদাম করার ব্যাপার নেই। চটজলদি কেনাকাটার সুবিধার জন্য ডাল, মশলা থেকে শুরু করে বিস্কুট, চিপ্স, সবই কিনছেন শুধুমাত্র ব্র্যান্ড ও দাম দেখেই। কিন্তু এই সব খাবার আদৌ স্বাস্থ্যসম্মত?
সম্প্রতি ভারতের খাদ্য নিয়ামক সংস্থা, এফএসএসএআই ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশের বাজারে বিক্রি হওয়া ৮০ শতাংশের বেশি প্যাকেটজাত খাবারে মেশানো আছে কৃত্রিম রং ও ফ্লেভার। এই রাসায়নিকের দীর্ঘমেয়াদী প্রভাব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
কোন কোন খাবারে বিপদ?
সমীক্ষায় প্রায় ২৫ ধরনের ব্র্যান্ডের ২৩ হাজারের বেশি প্যাকেটজাত খাবার পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গিয়েছে, ‘লো ফ্যাট’, ‘অর্গ্যানিক’, ‘ন্যাচারাল’ লেবেল লাগানো খাবারেও রয়েছে ক্ষতিকর রাসায়নিক। বিশেষ করে শিশুদের জন্য বিক্রি হওয়া কেক, লজেন্স, বিস্কুট ও কুকিজেও বিপজ্জনক উপাদান আছে। স্বাদের বিস্কুট ও কুকিজে সস্তা পাম অয়েল ও কৃত্রিম রং মেশানো থাকে, যা লিভারের ক্ষতি করতে পারে। স্বাস্থ্যকর ভেবে লাল-নীল রঙের যে ব্রেকফাস্ট সিরিয়াল শিশুরা খাচ্ছে, তা বুদ্ধি বিকাশে বাধা দিতে পারে। এতে সোডিয়াম ও টারট্রাজিনের উচ্চ মাত্রা থাকে, যা হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার, অ্যালার্জি ও চর্মরোগের ঝুঁকি বাড়ায়। কেক, চকোলেট ও বেকড খাবারে থাকা ‘রেড ৩’ বা এরিথ্রোসিন ক্যান্সারের আশঙ্কা বাড়ায়। ক্যান্ডি, আইসক্রিম ও কেকে থাকা সানসেট ইয়েলো রং কিডনির ক্ষতি করতে পারে। এমনকি প্যাকেটজাত দুগ্ধজাত পানীয়ও সুরক্ষিত নয়। প্রায় ৭৮ শতাংশ এমন খাদ্যে অতিরিক্ত চিনি ও কৃত্রিম সুগন্ধি মেশানো থাকে, যা স্নায়ুর রোগের কারণ হতে পারে।
