বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে ফলতার রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে।

রাজ্যে পালা বদলের পর অস্বস্তিতে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। নিজের বিরুদ্ধে হওয়ায় একাধিক মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেই মামলাতেই স্বস্তি পেলেন জাহাঙ্গির। বিচারপতি সৌগত ভট্টাচার্য-এর এজলাসে সেই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত জানিয়ে দেয়, আগামী ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।

তবে আদালত একইসঙ্গে স্পষ্ট করেছে, এই নির্দেশ তদন্ত প্রক্রিয়া থামানোর জন্য নয়। ইতিমধ্যেই যে মামলাগুলি দায়ের হয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপাতত রক্ষাকবচ মিলবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে ফলতায় আগামী ২১শে মে উপনির্বাচনের ঘোষণা হয়েছে। জাহাঙ্গিরের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ মে।